চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে নিহতের ছেলে আসিফ (২২) গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা ঈদগাহের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহরণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে দত্তনগর থেকে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস জীবননগরের দিকে যাচ্ছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। পাথিলা ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইকের যাত্রী আহরণ ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন আসিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। আহত অপর দুজনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


