চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ নেছা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আসিফ (২২)সহ আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ নেছা ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস জীবননগরের দিকে যাচ্ছিল। বাসটি পাথিলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা আহরণ নেছা ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহত হন আরও ছয়জন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন আসিফের অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত অপর পাঁচজনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


