দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দাম অনুযায়ী সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন নতুন দরে বিক্রি হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল বিক্রি হতো ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে। ফলে একদিনেই চার ধরনের জ্বালানির দাম সমানভাবে ২০ টাকা করে বেড়েছে।
প্রজ্ঞাপনে সরকার জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম এবং পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে গেলেও জনস্বার্থ বিবেচনায় দেশের বাজারে এতদিন পুরোপুরি সমন্বয় করা হয়নি।
সরকারের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসানের মুখে পড়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১০৯ কোটি টাকা। একই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু ডিজেল বিক্রিতেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।
সরকারের ভাষ্য, লিটারপ্রতি ২০ টাকা মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা পর্যন্ত কমানো সম্ভব হবে।
এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন, কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে ব্যয়ের ওপর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।


