ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার

বৃহস্পতিবার আরব দল রা’আম আনুষ্ঠানিকভাবে ইয়াশার, জয়েন্ট (আরব) লিস্ট, ইসরায়েল বেইতেনু এবং দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে দ্রুত নতুন স্পিকার নির্বাচনের দাবি জানিয়েছে। বর্তমান স্পিকার ওহানা জানিয়েছেন, অন্তত ৬১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে এ বিষয়ে পার্লামেন্টে বিতর্কের আয়োজন করবেন তিনি।
হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি নিয়ে জটিলতা
প্রেসিডেন্ট হেরজগের সঙ্গে বৈঠকে রা’আম পার্টির নেতা মানসুর আব্বাস হামাসকে স্পষ্টভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেননি। যদিও তিনি অতীতে বারবার সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং হামাসকে নিরস্ত্র করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আইজেনকট তাঁর সম্ভাব্য সরকারে যোগ দিতে আগ্রহী দলগুলোর জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়াকে অন্যতম শর্ত করেছেন। তবে আব্বাস আশা প্রকাশ করেছেন, আইজেনকট একটি ‘ভালো সরকার’ গঠন করতে পারবেন। ২০২১ সালে ইয়াইর লাপিদ ও নাফতালি বেনেতের সঙ্গে তাঁর গঠিত সরকারের প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, ওই সরকারের সবচেয়ে খারাপ দিনটিও নিরাপত্তা, জাতীয় ও ব্যক্তিগত সুরক্ষা এবং বেসামরিক বিষয়াদির দিক থেকে পুরোপুরি ডানপন্থী সরকারের চেয়ে অসীম গুণ ভালো ছিল।
রা’আম এমন কোনো সরকারের অংশ হতে পারবে কি না, যে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো সীমাবদ্ধতা ছাড়াই লড়াই করবে, প্রেসিডেন্ট হেরজগের এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘কোনো সরকার বা মন্ত্রিসভাকে ইসরায়েলি নাগরিকদের রক্ষা করতে বাধা দেবে রা’আমের অংশগ্রহণ, এমন দাবি সঠিক নয়।’
এ সময় আরব রাজনীতিকদের বারবার ‘আনুগত্যের পরীক্ষা’র মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন আব্বাস। তাঁর প্রশ্ন, আরব রাজনীতিকদের কাছে যে ধরনের আনুগত্যের প্রমাণ চাওয়া হয়, ইহুদি রাজনীতিকদের ক্ষেত্রে কেন একই মানদণ্ড অনুসরণ করা হয় না?
এর আগে আরব আইনপ্রণেতারাও একই অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, পশ্চিম তীরসহ বিভিন্ন স্থানে ইহুদি সন্ত্রাসবাদের স্বীকৃতি দিতে ইহুদি রাজনীতিকদের কখনো একই ধরনের চাপের মুখে পড়তে হয় না। আব্বাসের উল্লেখ অনুযায়ী, রা’আমের কোনো আইনপ্রণেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে অভিযোগ আনা হয়নি বা কেউ দোষী সাব্যস্ত হননি। অন্যদিকে, উতজমা ইয়েহুদিত পার্টির নেতা ইতামার বেন-গভির ২০০৭ সালে বর্ণবাদে উসকানি এবং একটি ইহুদি সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে বিষাক্ত রাজনৈতিক বক্তব্য ছড়ানোর অভিযোগ
রা’আম পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা ইয়োভ সেগালোভিৎস ইসরায়েলের চলমান রাজনৈতিক আলোচনাকে ‘বিষাক্ত’ বলে মন্তব্য করেছেন। ইসলামপন্থী দলটির প্রথম ইহুদি প্রার্থী হিসেবে ইতিহাস গড়া সেগালোভিৎসের অভিযোগ, এ ধরনের রাজনৈতিক বক্তব্য ছড়ানোর নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু।
তিনি বলেন, ‘গতকালই নেতানিয়াহু বলেছেন, ইসলামিক মুভমেন্ট বিপজ্জনক এবং সবাই সন্ত্রাসবাদের সমর্থক। অথচ সন্ত্রাসবাদের সমর্থক একমাত্র ইতামার বেন-গভির, যিনি তাঁর সরকারে রয়েছেন এবং দোষী সাব্যস্ত হয়েছেন।’ তিনি আরও বলেন, নেতানিয়াহুর সরকারে এমন একজন ব্যক্তি রয়েছেন, যিনি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন এবং বর্ণবাদে উসকানির দায়ে দণ্ডিত হয়েছেন। অথচ আরব রাজনীতিকদেরই বারবার আনুগত্যের পরীক্ষা দিতে হচ্ছে।

