আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রায় ৭০ চরমপন্থি

এক সময় সর্বহারা চরমপন্থিদের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই আর খুন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সময়ের ব্যবধানে সেই জেলাগুলো এখন অনেকটাই চরমপন্থামুক্ত দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে সংগঠনটির সদস্যরা।
এরই ধারাবাহিকতায় ওই তিন জেলার আরও প্রায় ৭০ জন চরমপন্থি সর্বহারা আলোর পথে ফিরে আসতে চলেছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন তিন জেলার প্রায় ৭০ জন চরমপন্থি সদস্য।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।
আতিকুর রহমান মিয়া বলেন, ‘সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৭০ জন চরমপন্থি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

