আন্দোলনে কনস্টেবলকে থাপ্পড়ের অভিযোগ এএসপির বিরুদ্ধে

গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে এপিবিএনের এক কনস্টেবলকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু নাসের আল আমিনের বিরুদ্ধে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুসরণ না করার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছিলেন এপিবিএন-২-এর সদস্য কনস্টেবল আশিকুর রহমান। এ সময় তাকে কঠোর হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব পালন নিয়ে তার মধ্যে কিছুটা অমনোযোগী দেখা যায়। হুট করেই তাকে সবার সামনে কানে সজোরে থাপ্পড় মারা হয় বলে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ জানিয়েছে।
সূত্রমতে, ঘটনার পর আশিকুর রহমানের কানে সমস্যা দেখা দেয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এক পুলিশ কনস্টেবল নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের একটি অংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, দায়িত্ব পালনে কোনো সদস্যের ভুল বা নির্দেশনা অমান্য করার অভিযোগ থাকলে তা বিধিবদ্ধ প্রক্রিয়ায় নিষ্পত্তি না করে শারীরিকভাবে শাস্তি দেওয়া কতটা গ্রহণযোগ্য।’

