নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৯ পুলিশ আহত

বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার অবরোধ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে জেলা পুলিশের তিনজন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ছয়জনসহ মোট নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
একপর্যায়ে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান শ্রমিকেরা। এ ছাড়া সংঘর্ষে একজন শ্রমিক আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেলেও তার নাম-পরিচয় ও আহত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার কয়েক হাজার শ্রমিক একযোগে কর্মস্থল থেকে বেরিয়ে আসেন। পরে তারা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার থেকে লিংক রোড হয়ে জাল কুড়ির দিকে অগ্রসর হন।
এসময় পুলিশ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রবেশের মুখে বাধা দিলেও শ্রমিকেরা ব্যারিকেড ভেঙে মূল সড়কে অবস্থান নেন। এতে বেলা ৩টার দিকে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় দুই ঘণ্টার অবরোধে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
অবরোধের একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা বাড়তে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পাশাপাশি সড়কে অগ্নিসংযোগ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

