জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে সতর্ক করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছে, ভবিষ্যতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢাকামুখী লংমার্চ করতে পারে। সে পরিস্থিতিতে সরকারের ক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
দেশকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে রক্ষায় বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের আহ্বান জানান জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকারের সময়ে জামায়াত রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করেছিল। সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যর্থতার কারণে সরকারকে সমস্যায় পড়তে হয়েছিল বলেও দাবি করেন তিনি। বর্তমান সরকারের সময়ও একই ব্যক্তিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন তিনি।
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সাত মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তাঁর দাবি, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান করতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, এভাবে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিজয়নগর পর্যন্ত যায়।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশে ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।


