লোগো
Advertisement

লেজেন্ডস ক্রিকেটে আবারও একসঙ্গে রুবেল-নাসির-রাব্বিরা

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ এএম
Advertisement

একসময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ ছিলেন তারা। পরে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন একই মাঠে। দীর্ঘ সময় পেরিয়ে এবার আবারও ক্রিকেট মাঠে একসঙ্গে দেখা যাবে সেই পুরনো সতীর্থদের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের ২০২৬ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের হয়ে খেলতে যাচ্ছেন সাবেক পেসার রুবেল হোসেন, নাসির হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন রুবেল হোসেন। এক পোস্টে তিনি লেখেন, পুরনো সতীর্থদের সঙ্গে নতুন মিশনে আবারও একত্র হওয়ার কথা। লেজেন্ডস ক্রিকেটে খেলতে যাওয়ার সময় সমর্থকদের দোয়া ও ভালোবাসা চেয়েছেন তিনি।

রুবেলের সঙ্গে থাকা সেই পুরনো সতীর্থদের মধ্যে নাসির হোসেন ও কামরুল ইসলাম রাব্বির পাশাপাশি রয়েছেন রনি তালুকদারও।

রুবেল ও নাসিরের একসঙ্গে পথচলার শুরুটা যুব ক্রিকেটেই। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াডে ছিলেন দুজন। পরের বছর ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলেও একসঙ্গে খেলেন তারা।

এরপর জাতীয় দলে জায়গা করে নিয়ে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেন রুবেল ও নাসির। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন রুবেল। দীর্ঘ সময় জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম সদস্য ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই পেসার।

নাসির হোসেনও জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।

কামরুল ইসলাম রাব্বিও বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলের বাইরে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় নিয়মিত খেলা এই পেসার এবার পুরনো সতীর্থদের সঙ্গে লেজেন্ডস ক্রিকেটের মঞ্চে নামার অপেক্ষায়।

২০২৬ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অংশ নিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। জাতীয় দলের হয়ে একসময় একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া ক্রিকেটারদের আবারও একই দলের হয়ে মাঠে দেখতে মুখিয়ে আছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

আরও সংবাদ লোড হচ্ছে...