চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের


বক্তারা বলেন, চাঁদপুরে সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে ইসকনের বিতর্কিত ও দেশবিরোধী কর্মকাণ্ড নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে তাঁদের দাবি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সংগঠনটির কার্যক্রমের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
বক্তারা আরও বলেন, চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দিরের কার্যক্রম, অবস্থান, অনুমোদন ও সংশ্লিষ্ট আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে ২০২৪ সালে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা উল্লেখ করে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংগঠনের কর্মকাণ্ডের আড়ালে দেশের আইন, সংবিধান ও জাতীয় স্বার্থবিরোধী কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

