সুন্দরবনে দস্যুতা বন্ধের দাবিতে কয়রায় মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে যাওয়া জেলেদের জন্য বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। দস্যুদের ভয়ে কেউ কেউ জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরা থেকেও সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। এতে শুধু জেলেরাই নন, তাদের পরিবারের সদস্যরাও আর্থিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছেন।
বক্তারা আরও বলেন, বনদস্যুতা কেবল বিচ্ছিন্ন অপরাধের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে উপকূলের মানুষের জীবন-জীবিকা, সুন্দরবনের সম্পদ আহরণ এবং সামগ্রিক নিরাপত্তার প্রশ্ন। দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা, অর্থের জোগানদাতা ও সহযোগীদের শনাক্ত করা জরুরি। এসব ব্যক্তিকে আইনের আওতায় আনা না গেলে দস্যুতা নির্মূলের উদ্যোগ দীর্ঘ মেয়াদে কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় থেকে যায়।
তারা বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সম্পদের আধার নয়, এটি উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন। বন ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই বনদস্যুদের দমনে নিয়মিত ও সমন্বিত অভিযান, নদী-খালে টহল জোরদার, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে সুন্দরবনে বনদস্যু নির্মূলে কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনা, জেলে ও বনজীবীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং বনদস্যুদের সহযোগীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ কামনা করেন বক্তারা।

