বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তানকারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তাররাজনৈতিক প্রভাবে মানহীন মেডিকেল কলেজের অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগখুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তারসুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খানএকটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রীসিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড়সুনামগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বিজ্ঞাপন

ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে না: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে না: আবদুস সালাম

প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, কোনো ষড়যন্ত্র বা ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দেওয়া যাবে না। বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ-সংগঠন আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীতে বিএনপির যে ভিত তৈরি হয়েছিল, তা আন্দোলনের মধ্য দিয়েই গড়ে উঠেছে। আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবেই আজ ঢাকা মহানগরীতে আমাদের দলের তরুণ ও যোগ্য নেতৃত্ব জয়লাভ করে আসছে। কেউ যদি মনে করেন একটু ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে, তবে তারা ভুলের স্বর্গে বাস করছেন। বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

প্রতিপক্ষের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতি করতে চাইলে পরিচ্ছন্ন রাজনীতি করুন। দেশের সংবিধানে ও গণতন্ত্রে বিশ্বাস থাকলে আপনাদের আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে। ভোটের মাধ্যমেই কেবল সরকারের পরিবর্তন সম্ভব। পার্লামেন্টে বিরোধিতা করুন, কিন্তু বাইরে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না।

ঢাকা মহানগরের রাজনীতিতে প্রয়াত নেতাদের অবদান স্মরণ করে বিএনপি নেতা সালাম বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের মতো নেতাদের নেতৃত্বে ঢাকায় বিএনপি সুসংগঠিত শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কতটা জনপ্রিয় ছিলেন, তা তার মৃত্যুর পর জনগণের ঢল দেখেই প্রমাণিত হয়েছে। একইভাবে আমাদের দলের স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের জানাজায় সাধারণ মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করে বিএনপি দেশের জনগণের মূলধারার দল।

রাজধানীতে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অসন্তোষ ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমরা এখনো দলগতভাবে রাজপথে নামি নাই। তবে এর মানে এই নয় যে দলকে বা দেশের শীর্ষ নেতৃত্বকে একা পেয়ে যা ইচ্ছা তাই করা যাবে। দেশের কোটি কোটি নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপির পাশে রয়েছে।

জ্বালানি ও গ্যাস অনুসন্ধানের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুস সালাম বলেন, গত ১৭ বছর দেশের গ্যাস ও বিদ্যুৎ খাতের দিকে নজর দেওয়া হয়নি, নতুন কূপ খনন করা হয়নি। যার মাশুল এখন দেশের জনগণকে দিতে হচ্ছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন নতুন গ্যাস ও বিদ্যুৎ অনুসন্ধানে কাজ শুরু করেছে। কিছুদিন অপেক্ষা করলে এই সংকট কেটে যাবে।

স্মরণসভার আলোচনা শেষে প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকার ছেলে এমপি ইশরাক হোসেন, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...