প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামীর পাতা ফাঁদে আটক প্রেমিক

নীলফামারীর ডোমারে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহে অভিনব কৌশলে ওই যুবককে ডেকে এনে আটক করেছেন এক স্বামী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকা থেকে মো. মাসুদ রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মাসুদ রানা ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে পরকীয়া সম্পর্ক ছিল ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার মো. খোকার ছেলে ও ট্রাক্টরচালক মাসুদের। বিষয়টি ওই গৃহবধূর স্বামী জানতে পেরে স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোনটি কেড়ে নেন। এরপর তিনি নিজেই ওই মোবাইল থেকে পরকীয়া প্রেমিক মাসুদের সঙ্গে মেসেজে চ্যাট করতে শুরু করেন। মেসেজ আদান-প্রদানের একপর্যায়ে গভীর রাতে তাকে বাড়ির পাশের একটি নির্জন বাঁশঝাড়ে দেখা করতে বলেন। মাসুদ তার পরকীয়া প্রেমিকা ভেবে বাজার থেকে মিষ্টি নিয়ে বাঁশঝাড়ে দেখা করতে আসেন এবং ওই স্বামীর পেতে রাখা জালে ধরা পড়েন। এরপর স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করেন।

