বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরিভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্সশান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরাজলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরারেমিট্যান্স যোদ্ধাদের মতো অত্যাচারিত আর কেউ নেই: এমপি মনিরুলসাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধারশীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে বললেন হাইকোর্টবাবা হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবুনিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যাপ্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা
বিজ্ঞাপন

২৩৪ ম্যাচে ১৪৬ গোল, যেসব বিশ্বরেকর্ড নিয়ে বিদায় নিচ্ছেন রোনালদো

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
২৩৪ ম্যাচে ১৪৬ গোল, যেসব বিশ্বরেকর্ড নিয়ে বিদায় নিচ্ছেন রোনালদো

দুই দশকের বেশি সময় ধরে পর্তুগালের জার্সিতে একের পর এক ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেছেন, শিরোপা জিতেছেন, ভেঙেছেন অসংখ্য রেকর্ড। এবার সেই দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক পুরুষ ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের দুটি বিশ্বরেকর্ডই তার দখলে। তবে শুধু এই দুটি নয়, বিশ্বকাপ, ইউরো ও বাছাইপর্ব মিলিয়ে আরও অসংখ্য অনন্য কীর্তি গড়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত জানান রোনালদো। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের সমাপ্তির সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলেও জানিয়েছেন তিনি। আগামী আন্তর্জাতিক বিরতির পর পর্তুগালের সাত নম্বর জার্সি পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চান এই তারকা।

২০০৩ সালের ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয়েছিল রোনালদোর। পরের বছর ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রিসের বিপক্ষে করেন প্রথম আন্তর্জাতিক গোল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সময়ের সঙ্গে গোলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সমৃদ্ধ হয়েছে রেকর্ডের তালিকাও।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোল

রোনালদোর সবচেয়ে বড় বিশ্বরেকর্ড আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৪৬ গোল করেছেন তিনি। পুরুষ ফুটবলে আর কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি।

২০২১ সালের ১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড নিজের করে নেন রোনালদো। সেদিন ইরানের কিংবদন্তি আলী দাইয়ির গড়া আগের বিশ্বরেকর্ড ছাড়িয়ে যান তিনি।

সবচেয়ে বেশি গোলের রেকর্ড রোনালদোর।
সবচেয়ে বেশি গোলের রেকর্ড রোনালদোর।

তালিকায় রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আন্তর্জাতিক গোলসংখ্যা ১২৬টি। অর্থাৎ মেসির চেয়ে ২০ গোলে এগিয়ে রয়েছেন রোনালদো।

রোনালদোর ১৪৬ গোলের মধ্যে বিশ্বকাপের মূল পর্বে ১১টি, ইউরোতে ১৪টি, বিশ্বকাপ বাছাইয়ে ৪১টি এবং ইউরোর বাছাইয়ে ৪১টি। এ ছাড়া নেশন্স লিগে ১৫টি, কনফেডারেশনস কাপে দুটি এবং প্রীতি ম্যাচে ২২টি গোল করেছেন তিনি।

সবচেয়ে বেশি ২৩৪ আন্তর্জাতিক ম্যাচ

শুধু গোল নয়, জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডও রোনালদোর। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলেছেন তিনি।

২৩৪ ম্যাচ খেলেছেন রোনালদো।
২৩৪ ম্যাচ খেলেছেন রোনালদো।

২০২৩ সালের মার্চে লিচেনস্টাইনের বিপক্ষে নিজের ১৯৭তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নতুন ইতিহাস গড়েন রোনালদো। সেদিন কুয়েতের বদর আল-মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড ভেঙে দেন তিনি। সেই ম্যাচে জোড়া গোলও করেছিলেন পর্তুগিজ তারকা।

একই বছরের জুনে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন রোনালদো। স্মরণীয় সেই ম্যাচে ৮৯তম মিনিটে জয়সূচক গোলও করেন তিনি।

টানা ২৩ বছর গোল করার বিশ্বরেকর্ড

রোনালদোর অন্যতম বিস্ময়কর কীর্তি আন্তর্জাতিক ফুটবলে টানা ২৩ বছর গোল করা। ২০০৪ সালে পর্তুগালের হয়ে প্রথম গোল করার পর থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছরই অন্তত একটি করে গোল করেছেন তিনি।

এর আগে আয়ারল্যান্ডের রবি কিন ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১৯ বছর আন্তর্জাতিক ফুটবলে গোল করেছিলেন। সেই রেকর্ড অনেক আগেই ছাড়িয়ে গেছেন রোনালদো।

দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকতার অন্যতম বড় প্রমাণ।

ছয় বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার

বিশ্বকাপের ইতিহাসেও অনন্য জায়গা করে নিয়েছেন রোনালদো। তিনিই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র পুরুষ ফুটবলার, যিনি ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০০৬ সালে জার্মানিতে নিজের প্রথম বিশ্বকাপে গোল করেছিলেন তিনি। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও গোলের দেখা পান। চলতি বছরের বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েন পর্তুগিজ অধিনায়ক।

এর আগে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ডে মেসির সঙ্গে যৌথভাবে ছিলেন রোনালদো। তবে ষষ্ঠ বিশ্বকাপেও গোল করে এককভাবে রেকর্ডটির মালিক হন তিনি।

বিশ্বকাপে মোট ১১ গোল করেছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ১০ গোলের মাইলফলক স্পর্শ করার পর গত ২ জুলাই ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি গোল করেন তিনি। সেটিই ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম গোল।

এর মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার তালিকায় কিংবদন্তি ইউসেবিওকেও ছাড়িয়ে গেছেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে এক আসরেই ৯ গোল করেছিলেন ইউসেবিও। অন্যদিকে ছয় আসরে ২৭ ম্যাচ খেলে ১১ গোল করেছেন রোনালদো।

বিশ্বকাপ বাছাইপর্বেও সর্বোচ্চ গোল

বিশ্বকাপের মূল পর্বের পাশাপাশি বাছাইপর্বেও রোনালদোর দাপট ছিল দীর্ঘদিন। বিশ্বকাপ বাছাইয়ে ৪১ গোল করেছেন তিনি, যা পুরুষ ফুটবলে সর্বোচ্চ।

ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদো।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিয়মিত গোল করেছেন রোনালদো। বয়স বাড়ার পরও পর্তুগালের আক্রমণভাগে তাঁর প্রভাব ধরে রাখার অন্যতম উদাহরণ এই রেকর্ড।

বিশ্বকাপ বাছাইয়ের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও ৪১ গোল করেছেন তিনি। ফলে দুটি প্রতিযোগিতার বাছাইপর্ব মিলিয়েই তাঁর গোলসংখ্যা ৮২টি।

ইউরো চ্যাম্পিয়নশিপে একাধিক রেকর্ড

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও রোনালদোর রেকর্ডের তালিকা দীর্ঘ। ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রেকর্ড ছয়টি ইউরো আসরে খেলেছেন তিনি।

ইউরোর মূল পর্বে তার ম্যাচসংখ্যা ৩০টি এবং গোল ১৪টি। দুটি ক্ষেত্রেই প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড তার দখলে।

বাছাইপর্বসহ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মোট ৭৪ ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ৫৫টি। এই দুটি পরিসংখ্যানেও সবার ওপরে রয়েছেন তিনি।

এ ছাড়া পাঁচটি ভিন্ন ইউরো আসরে গোল করার রেকর্ডও তার। ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২০ সালের আসরে গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা।

২০১২, ২০১৬ ও ২০২০ সালের ইউরোয় অন্তত তিনটি করে গোল করার কীর্তিও রয়েছে তার। একাধিক ইউরোতে তিন বা তার বেশি গোল করা একমাত্র ফুটবলার তিনি।

বিশ্বকাপ-ইউরো মিলিয়েও সবার ওপরে

ফুটবলের সবচেয়ে বড় দুটি আন্তর্জাতিক আসর বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ। এই দুই প্রতিযোগিতার মূল পর্ব মিলিয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডও রোনালদোর।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ২৫টি। এর মধ্যে বিশ্বকাপে ২৭ ম্যাচে ১১ গোল এবং ইউরোয় ৩০ ম্যাচে ১৪ গোল। উয়েফার হিসাব অনুযায়ী, দুই প্রতিযোগিতার সম্মিলিত পরিসংখ্যানে এই দুটি রেকর্ডই তার দখলে।

আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিকের কীর্তি

জাতীয় দলের হয়ে হ্যাটট্রিকের ক্ষেত্রেও অনন্য নজির গড়েছেন রোনালদো। পুরুষ আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি হ্যাটট্রিক করার মাইলফলক স্পর্শ করেন তিনি।

২০২১ সালের অক্টোবরে লুক্সেমবার্গের বিপক্ষে হ্যাটট্রিক করে এই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ অধিনায়ক। জাতীয় দলের হয়ে তার ১০টি হ্যাটট্রিকের মধ্যে দুটি ম্যাচে চারটি করে গোল করার নজিরও রয়েছে।

রেকর্ডের পাশাপাশি তিন আন্তর্জাতিক শিরোপা

ব্যক্তিগত রেকর্ডের বাইরেও দেশের হয়ে বড় অর্জন রয়েছে রোনালদোর। ২০১৬ সালে তার নেতৃত্বেই প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল।

পর্তুগালকে ২০১৬ ইউরো জিতিয়েছেন তিনি।
পর্তুগালকে ২০১৬ ইউরো জিতিয়েছেন তিনি।

এরপর ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা। ২০২৫ সালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার নেশন্স লিগের শিরোপা জেতে রোনালদোর দল।

তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে তার। চলতি বছরের বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই আসরই ছিল রোনালদোর শেষ বিশ্বকাপ।

এবার আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও নভেম্বরের দুটি ম্যাচ এখনো বাকি থাকায় তার ম্যাচ ও গোলের সংখ্যা আরও বাড়ার সুযোগ রয়েছে। সেই ম্যাচগুলোতে তিনি খেলবেন কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

সেই সংখ্যা শেষ পর্যন্ত যেখানেই থামুক, বিশ্ব ফুটবলে রোনালদোর রেকর্ডের তালিকা দীর্ঘদিন আলোচিত হবে। ২৩ বছরের যাত্রায় ব্যক্তিগত অসংখ্য কীর্তির পাশাপাশি পর্তুগালকে তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন তিনি। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও তার গড়া বহু রেকর্ড নতুন প্রজন্মের ফুটবলারদের সামনে চ্যালেঞ্জ হয়ে থাকবে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...