লোগো
Advertisement

গণপরিবহনে ভাড়ানৈরাজ্য বন্ধে সড়কে ভ্রাম্যমাণ আদালতের দাবি

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম
Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হলেও যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে ভাড়ানৈরাজ্য ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যৌথ বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। কিন্তু রাজধানীতে চলাচলকারী অনেক বাসে এখনো নির্ধারিত ভাড়ার তালিকা টানানো হয়নি। অথচ নগর ও দূরপাল্লার বাসে যাত্রীদের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক।

সংগঠনটির অভিযোগ, ভাড়ার তালিকা না থাকার সুযোগ নিয়ে অনেক বাসের কন্ডাক্টর যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রায়ই যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হচ্ছে। কোথাও কোথাও হাতাহাতির ঘটনাও ঘটছে।

জাতীয় কমিটির নেতারা বলেন, গত চার-পাঁচ দিন ধরে রাজধানীর নগর পরিবহন এবং ঢাকা ও আশপাশের জেলাগুলোর মধ্যে চলাচলকারী বাসগুলোতে এ ধরনের পরিস্থিতি দেখা গেলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

তাদের দাবি, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে দ্রুত মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করা প্রয়োজন। এ জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিআরটিএ ও জেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাসে টানানো এবং তালিকা অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নজরদারি বাড়ানোরও দাবি জানানো হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...