লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখায় ফার্মেসিকে জরিমানা

সদর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
Advertisement

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙ্গেদহ এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হিজলগাড়ী বাজারে মো. আশরাফুল আলমের মালিকানাধীন মেসার্স সুমি ফার্মেসিতে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে হিজলগাড়ী ও ডিঙ্গেদহ এলাকার ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা হালনাগাদ রাখার পাশাপাশি পণ্য নির্ধারিত ও যৌক্তিক দামে বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কিংবা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও সংবাদ লোড হচ্ছে...