লোগো
Advertisement

চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও ওসি মিজানুর রহমানকে বিদায়

নিজস্ব প্রতিবেদক ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম
Advertisement

বদলিজনিত বিদায়ে স্মৃতিস্মারক ও ফুলেল শুভেচ্ছা, কর্মকালীন দায়িত্বের প্রশংসা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের ও চুয়াডাঙ্গা সদর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

অনুষ্ঠানে পুলিশ সুপার জামাল আল নাসেরের চুয়াডাঙ্গায় কর্মকালীন দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জামাল আল নাসের ২০২৫ সালের ২৪ আগস্ট চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপত্তা ও সেবাদানসহ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জামাল আল নাসের জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন।

সম্প্রতি জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাঁর হাতে স্মৃতিস্মারক তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী বক্তব্যে জামাল আল নাসের চুয়াডাঙ্গা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মকালীন সময়ে সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার কথাও তিনি স্মরণ করেন।

এদিকে একই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানার সদ্য বিদায়ী ওসি মো. মিজানুর রহমানকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি চুয়াডাঙ্গা জেলা থেকে জেলা পুলিশ, বাগেরহাটে বদলির আদেশ পেয়েছেন। তাঁর হাতেও স্মৃতিস্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...