লোগো
Advertisement

আলমডাঙ্গায় এক রাতেই একাধিক বাড়িতে চুরি, খোয়া গেছে মোবাইল ও স্বর্ণালংকার

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া পূর্বপাড়ায় একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, চোরেরা আটটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, স্বর্ণালংকার ও একটি ঘড়ি নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বটিয়াপাড়া পূর্বপাড়ায় পরপর কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় হালিম, আশিক, রিপন ও মহাবুলসহ কয়েকজনের বাড়িতে চোরেরা প্রবেশ করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের ভাষ্য, চোরেরা বিভিন্ন বাড়ি থেকে মোট আটটি স্মার্টফোন ও তিনটি বাটন ফোন নিয়ে যায়। এছাড়া লিপনের বাড়ি থেকে তিন জোড়া কানের দুল, একটি আংটি ও একটি হাতঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

একই এলাকায় মিঠুনের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চুরির খবর পেয়ে কমলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “বটিয়াপাড়া গ্রামে কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একই রাতে একই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও সংবাদ লোড হচ্ছে...