মুন্সীগঞ্জে শতবর্ষী কড়ই গাছ কাটার অভিযোগ, সংরক্ষণের দাবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে সরকারি খাসজমিতে দাঁড়িয়ে থাকা শতবর্ষী একটি ঐতিহ্যবাহী কড়ই গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গাছটির ডালপালা কেটে ফেলার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় গাছটি দ্রুত সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলাগাঁও বাজারের সড়কের পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা গাছটি এলাকার পরিচিত ঐতিহ্যের অংশ। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি গাছটি স্থানীয় মানুষের বহু স্মৃতি ও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তবে সড়কের পাশে গাছটির অবস্থান হওয়ায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। এ কারণে এর আগে বিভিন্ন সময় গাছটির ডালপালা কেটে ফেলা হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি কে বা কারা গাছটির বিভিন্ন ডালপালা ও অংশ কেটে ফেলছেন। তবে এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। তাদের আশঙ্কা, পরিকল্পিতভাবে গাছটি পুরোপুরি কেটে ফেলে এর পর সরকারি খাসজমি দখলের চেষ্টা করা হতে পারে। যদিও এ অভিযোগের পক্ষে এখনও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

