জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশায় করে অবৈধভাবে পরিবহনের সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সারের বৈধ ক্রয় বা সরকারি ডিলারের কাছ থেকে উত্তোলনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অটোরিকশায় করে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে উত্তর বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি অটোরিকশায় থাকা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
প্রশাসন সূত্র আরও জানায়, জব্দ করা সারের মালিক হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো বৈধ ক্রয় রসিদ দেখাতে পারেননি। একইভাবে সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে সার উত্তোলনের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্রও তিনি দেখাতে পারেননি।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে এসব সার বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে সার পরিবহন ও মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


