লোগো
Advertisement

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা

নিজস্ব প্রতিবেদক ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রাথমিকভাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।

সোমবার বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা বৈঠকে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহরের অভ্যন্তরীণ রুটে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বিআরটিএর এই প্রস্তাব এখন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। সচিবালয়ে পরবর্তী বৈঠকের পর সরকারের পক্ষ থেকে ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহম্মেদ খোকন বলেন, সরকার নতুন ভাড়া ঘোষণা না দেওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন সংশ্লিষ্টদের বলা হয়েছে।

তিনি জানান, এর আগে সংগঠনের পক্ষ থেকে ভাড়া সমন্বয়ের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমান প্রস্তাব অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রচলিত প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা ভাড়ার সঙ্গে সামান্য সমন্বয় হবে। একইভাবে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বর্তমানে প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা ভাড়ার সঙ্গে ২০ পয়সা যোগ হতে পারে।

সরকার কবে নতুন ভাড়া ঘোষণা করতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআরটিএর বৈঠক শেষে কর্মকর্তারা প্রস্তাব নিয়ে সচিবালয়ে গেছেন। সোমবার রাতেই সিদ্ধান্ত আসতে পারে, না হলে মঙ্গলবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, জ্বালানি তেলের পাশাপাশি পরিবহন খাতের অন্যান্য ব্যয়ও বেড়েছে। তবে আপাতত অন্যান্য খরচের হিসাব না করে শুধু তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের কথা বলা হয়েছে।

তিনি বলেন, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর হিসাব করা হয়েছে। এটাই প্রস্তাব হিসেবে সরকারের কাছে যাচ্ছে।

এদিকে রোববার রাত ১২টা থেকে ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে একযোগে ২০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

আরও সংবাদ লোড হচ্ছে...